নির্বাচনী দায়িত্ব বণ্টনকালে এসআইয়ের মৃত্যু
পৌরসভা নির্বাচনের দায়িত্ব বণ্টনকালে সিরাজগঞ্জে এক এসআই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এসআই জেলহাজ হোসেন (৩৮) উল্লাপাড়া মডেল থানায় কর্মরত ছিলেন।
থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে সহকর্মীদের নির্বাচনী দায়িত্ব বণ্টন করছিলেন এসআই জেলহাজ।
“এ সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার জানান, জেলহাজ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।”
দুই সন্তানের বাবা জেলহাজ পাবনার সাথিয়া উপজেলার তেঁতুলিয়া গ্রামের আলহাজ আব্দুল কুদ্দুসের ছেলে।
