২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মলদ্বারে বাতাস ঢুকিয়ে গার্মেন্ট কর্মকর্তাকে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গার্মেন্ট কর্মকর্তাকে মলদ্বারে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগে দুই সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 08:21 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার সকালে ফতুল্লার কায়েমপুরের ফকির নিটওয়্যারস লিমিটেডের কোয়ালিটি ম্যানেজার এসএম আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই কারখানার জুনিয়র কিউসি মোতাহার হোসেন (৩৫) ও সাগর উদ্দিন (২৫)।

আহত জুনিয়র কিউসি মো. আবুল হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট ফুলে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান এসআই।

মামলার বরাত দিয়ে এসআই আমির হোসেন বলেন, রোববার রাত পৌনে ৮টার দিকে ডাইং সেকশনে কর্মরত জুনিয়র কিউসি আবুল হোসেনকে ধরে মলদ্বারে কমপ্রেসার মেশিনের (হাওয়া দিয়ে ময়লার পরিষ্কার করার মেশিন) বাতায় ঢোকায় মোতাহার ও সাগর। পরে গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

“এ ঘটনায় কারখানার কোয়ালিটি ম্যানেজার এসএম আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করলে মোতাহার ও সাগরকে গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় প্রতিষ্ঠানের লোকজন মামলার সঙ্গে দুই আসামির স্বীকারোক্তিমূলক কাগজপত্র ও কোয়ালিটি ইন্সপেক্টর ফারুক মিঞার লিখিত বক্তব্য সাক্ষী হিসেবে সংযুক্ত করেছে বলেও জানান তিনি।