শীতলক্ষ্যার তীর থেকে শিশুর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ এক শিশুর লাশ শীতলক্ষ্যার তীর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ।
নিহত জাহিদুল ইসলাম (৮) গোদনাইলের পূর্ব এনায়েতনগর এলাকার চা দোকানি মজিবুর রহমানের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে জাহিদুল নিখোঁজ ছিল। এ ঘটনায় তার মজিবুর রহমান মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
“বেলা ১টার দিকে শীতলক্ষ্যার তীরে একটি শিশুর পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পুলিশ।”
ওসি সরাফত উল্লাহ বলেন, শিশুটির পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দৃষ্কৃতিকারীরা শিশুটিকে হত্যা করে লাশ ফেলে গেছে।
কী কারণে ও কারা শিশুটিকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
