ময়মনসিংহে শিক্ষানবিস চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকদের সংগঠনের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার রাত ১০টার দিকে কলেজের ডক্টরস ক্লাবে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি বলেন, সম্প্রতি ‘ইন্টার্ন চিকিৎসক পরিষদ’ এর নেতারা দুটি ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা কমিটি গঠন করেন।
“এ নিয়ে সোমবার রাতে উভয়পক্ষ তর্কে জড়ান। পরে তাদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।”
নতুন করে সংঘর্ষের ঘটনা এড়াতে হাসপাতালে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
কলেজের অধ্যক্ষ মতিউর রহমান জানান, সংঘর্ষে তিনজন শিক্ষানবিস চিকিৎসকসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
হাসপাতালে ভর্তি ১২ জনের মধ্যে শিক্ষানবিস চিকিৎসক নূরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।
