২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি হবিগঞ্জের চা শ্রমিকদের

হবিগঞ্জের চুনারুঘাটে অর্থনৈতিক অঞ্চল নির্মাণে চা বাগান এলাকার ‘ফসলি জমি’ বরাদ্দের প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন চান্দপুর চা বাগানের আন্দোলনরত শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফায়হাম ইবনে শরীফ, হবিগঞ্জ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 12:03 AM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

ভূমিরক্ষা আন্দোলনে চাঁন্দপুর চা বাগানের শ্রমিকরা
চা শ্রমিকদের আন্দোলনে সিপিবি'র সংহতি

সোমবার ‘চান্দপুর চা বাগান ভূমি রক্ষা কমিটি’র ব্যানারে বাগানের চারটি ফাঁড়ির শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন।

এছাড়া ওই জমিতে বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল গিয়ে চুনারুঘাটের ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভূমি রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব নৃপেন পাল।

চা বাগান এলাকায় ‘ইকোনমিক জোন’ নির্মাণের সিদ্ধান্ত বাতিল চেয়ে এক সপ্তাহের আল্টিমেটাম শেষে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দিলেন চা শ্রমিকরা।

এর আগে গত ২০ ডিসেম্বর নিজেদের আবাদি জমি রক্ষায় ‘ইকোনমিক জোন’ নির্মাণের সিদ্ধান্ত বাতিল চেয়ে জেলা প্রশাসনকে এক সপ্তাহের আল্টিমেটাম দেন শ্রমিকরা।

তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওই আল্টিমেটামের পর কোনো উত্তর পাওয়া যায়নি বলে বলে জানান চা শ্রমিকদের নেতা নৃপেন পাল।

একই দাবিতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চা শ্রমিকদের স্মারকলিপি পেয়েছেন জানিয়ে চুনারুঘাটের ইউএনও মাশহুদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু পাঠাবার এখতিয়ার তার না থাকায় স্মারকলিপিটি তিনি জেলা প্রশাসক বরাবর পাঠাবেন।

“জেলা প্রশাসক এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।”

দেশব্যাপী সরকারের কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা রয়েছে, যার জন্য ইতোমধ্যে চান্দপুর চা বাগান এলাকায় ৫১১ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) বরাদ্দ করেছে সরকার।

চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ডানকান বাদার্সকে (যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান ক্যামেলিয়া পাবলিক লিমিটেড কোম্পানি বাংলাদেশে এই নামে ব্যবসা পরিচালনা করে আসছে) দেওয়া লিজ বাতিল করে এই জমি বরাদ্দ দেওয়া হয়।

নির্ধারিত জমিটি চা বাগান এলাকায় 'ক্ষেতল্যান্ড' নামে পরিচিত চাষাবাদের জমিতে বলে স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর ধরে এ নিয়ে আন্দোলন করে আসছেন সেখানকার চা শ্রমিকরা।

আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়াসহ চলতি বছর ১৩ ডিসেম্বর থেকে অবস্থান ও কর্মবিরতি পালন করছে তারা।

১৮৯০ সালে ব্রিটিশ শাসনামলে ৩৯৫১ একর জমির ওপর চান্দপুর চা বাগান নামে চা উপাদন শুরু করে ডানকান ব্রাদার্স। ২০১৩ সালে হবিগঞ্জ জেলা প্রশাসনের কাছ থেকে আরও ৪০ বছরের জন্য লিজ নবায়ন করে তারা।

বাগানের ৯৫১ একর জমিতে ঐতিহ্যগতভাবে কৃষিকাজ করে আসছে বাগানের শ্রমিক ও তাদের পরিবার। অর্থনেতিক অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া ৫১১.৮৩ একর জমি 'ক্ষেতল্যান্ড' হিসেবে পরিচিত ওই ৯৫১ একর জমির অংশ।

বাংলাদেশ চা বোর্ডের নিয়মানুসারে, প্রতিটি চা বাগানে লিজ নেওয়া জমির অন্তত ৫০ ভাগে চা উৎপাদন করবার বাধ্যবাধকতা রয়েছে।

চা উৎপাদন ব্যবহার করা জমির বাইরে নিজ নেওয়া জমির অন্যান্য অংশ সাধারণত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের আবাসন ব্যবস্থা, কারখানা, আবাদী জমি (ক্ষেতল্যান্ড নামে পরিচিত), জলাধার, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যয় করে বাগান কর্তৃপক্ষ।

সরকারি নথিতে ‘পতিত জমি’ দেখানো হলেও চা শ্রমিকদের দাবি, প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে বংশানুক্রমে বাগান কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দ নিয়ে এই জমিতে কৃষিকাজ করছেন তারা।

চা শ্রমিক কানন বালা সরকার বলেন, “দেড়শ বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই এলাকার বন জঙ্গল পরিষ্কার করে, হিংস্র পশু-পাখির সঙ্গে লড়াই করে জমিগুলোকে আবাদযোগ্য করে তুলেছিলেন। আর এখন এই জমিকে পতিত বলে, আমাদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। নিজেদের কোনো ভূমিই নেই আমাদের।”

তবে জমিটি কখনই কৃষিজমি ছিল না বলে দাবি করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পবন চৌধুরী।

তিনি বলেন, “এটা কখনোই কৃষি জমি হতে পারে না। আপনারা সরকারি নথি ঘেঁটে দেখতে পারেন। আর কৃষি জমি হলে তা চা বাগানকে লিজ দেওয়াই বা হবে কেন? আর চা বাগান করার জায়গা হলে তারা এটি ফেলেই বা রেখেছিল কেন?

“আমরা শ্রমিকদের ভালো করবার জন্য বদ্ধ পরিকর। এত কিছুর পরও আমরা বলেছি-এখানে যাদের জমির বন্দোবস্ত ছিল তাদের পাঁচ শতক করে জমি ও পাকা বাড়ি করে দেওয়া হবে এবং বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থাও করা হবে।”

চান্দপুর চা বাগানের শ্রমিকদের আন্দোলনে সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার বলেন, “এই জমি শ্রমিকদের ফিরিয়ে না দিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"

ইতোমধ্যে শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শ্রমিকদের এই আন্দোলন নিয়ে ‘বেজা’র নির্বাহী পরিচালক পবন চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সবারই মত প্রকাশের অধিকার আছে। তারাও সেটি করছে। "

তবে এই আন্দোলনের পেছনে কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, “যে কাজ তারা করছে দেড়শ-দুশ বছর ধরে, তারা (চা বাগান কর্তৃপক্ষ) তাদের জন্য কী করেছে? এখনও তাদের নিজেদের জমি নেই, ভিটে বাড়ি নেই, ভালো হাসপাতাল পর্যন্ত নেই।”