২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা শ্রমিকদের আন্দোলনে সিপিবি'র সংহতি

হবিগঞ্জের চুনারুঘাটে 'ভূমি রক্ষা'র দাবিতে চা শ্রমিকদের আন্দোলনকে 'যৌক্তিক' আখ্যায়িত করে তাতে সংহতি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 04:47 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

চা শ্রমিকদের উচ্ছেদ করবেন না: সিপিবি

একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চল নির্মাণে চা বাগান এলাকায় সরকারের দেওয়া জমি'র বরাদ্দ বাতিল চেয়ে করা চা শ্রমিকদের আন্দোলনের সমর্থনে সারা দেশে কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

সোমবার রাজধানীর মুক্তিভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় সেলিম বলেন, “অন্য কিছু বাদ দিয়ে আমরা যদি শুধু নৈতিকভাবে বিবেচনা করি–এই জমির মালিক চা শ্রমিকরা। পুরুষানুক্রমে তারা এসব জমিতে চাষাবাদ করে বেঁচে আছে।

"আজকে তারা যে আন্দোলন করছে–তা মূলত নিজেদের ভূমির ওপর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলনকে অযৌক্তিক বলার কোনো অবকাশ নেই।”

সিপিবি সভাপতি বলেন, "চুনারুঘাটে আমাদের প্রতিনিধিরা এই আন্দোলনের সাথে আছে। আর এই আন্দোলনে সংহতি জানাচ্ছি- সামনে সারাদেশে এ বিষয়ে আমরা কর্মসূচি গ্রহন করব।”

দেশব্যাপী সরকারের কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা রয়েছে, যার জন্য ইতোমধ্যে চান্দপুর চা বাগান এলাকায় ৫১১ একর জমি বরাদ্দ করেছে সরকার।

নির্ধারিত এই জমি চা বাগান এলাকায় 'ক্ষেতল্যান্ড' নামে পরিচিত চাষাবাদের জমিতে বলে স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর ধরে এ নিয়ে আন্দোলন করে আসছে সেখানকার চা শ্রমিকরা।

জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়াসহ চলতি বছর ১৩ ডিসেম্বর থেকে অবস্থান ও কর্মবিরতি পালন করে আসছে তারা।

সিপিবি নেতা সেলিম বলেন, "এই চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬৯ টাকা, ফলে দুই ফসলী এই জমিগুলোই তাদের জীবিকা অর্জনের প্রধান মাধ্যম। ফলে তাদের (চা শ্রমিক) প্রতিরোধ গড়ে তোলা কোনো অন্যায় নয়।

"মাননীয় প্রধানমন্ত্রী এক বক্তৃতায় বলেছিলেন, কোনো উন্নয়ন প্রকল্পের জন্য এক ইঞ্চি কৃষি জমিও অধিগ্রহণ করা হবে না। আমাদের বোধগম্য হচ্ছে না যে-ওই এলাকার খাস জমির অন্যান্য অংশকে বাদ দিয়ে কেন এই কৃষি জমিগুলোই সরকার গ্রহণ করছে।”

মত বিনিময় সভায় উপস্থিত তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহম্মদ বলেন, “বাংলাদেশে জনসংখ্যার তুলনায় কৃষি জমির পরিমাণ খুব কম। তাই প্রতিটি কৃষি জমির প্রান্তিক আয় অনেক বেশি।

"যেখানে দেশের মোট অভ্যন্তরীন উৎপাদনের সিংহভাগই এখনও কৃষি থেকে আসে, সেখানে এ ধরনের একটি সিদ্ধান্ত চরম হঠকারী। উন্নয়নের যে জিকির তোলা হচ্ছে, তাতে জনগণ নেই।”

এতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান, সিপিবি প্রেসিডিয়াম সদস্য রাগিব হাসান মুন্না, সাংবাদিক আবু সাঈদ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।