চা শ্রমিকদের উচ্ছেদ করবেন না: সিপিবি
হবিগঞ্জে চা বাগান এলাকার ফসলী জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
'প্রায় ১৫ হাজার মানুষকে উচ্ছেদ করে' সরকার এমন প্রকল্পের দিকে এগিয়ে যেতে থাকলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন তিনি।
বুধবার চা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদের যৌথ মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন সেলিম।
তিনি বলেন, "উর্বরা ২/৩ ফসলী জমিকে অনুর্বর অকৃষি জমি বলে উল্লেখ করে সরকার ১২০০ চা শ্রমিকসহ ১৬ হাজার শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করে বিশেষ অর্থনৈতিক জোন করার ঘোষণা দিয়েছে।
“চান্দপুর ও বেগমখাল চা-বাগান এলাকায় অবৈধ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ থেকে দ্রুত সরে না এলে আন্দোলন শুধু হবিগঞ্জেই সীমাবদ্ধ থাকবে না, সারা দেশে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলে বাধ্য করা হবে।”
দেশব্যাপী সরকারের কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা রয়েছে, যার জন্য ইতোমধ্যে চান্দপুর চা বাগান এলাকায় ৫১১ একর জমি বরাদ্দ করেছে সরকার।
নির্ধারিত এই জমি চা বাগান এলাকায় 'ক্ষেতল্যান্ড' নামে পরিচিত চাষাবাদের জমিতে বলে স্থানীয়দের অভিযোগ।
চা-শ্রমিকরা বার বার শাসক শ্রেণির নির্যাতনের শিকার হয়েছে বলে মানববন্ধনে মন্তব্য করেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম।
"মুক্তিযুদ্ধে হাজার হাজার চা শ্রমিককে হত্যা করেছিল পাক বাহিনী। এখন সরকার সেই চা শ্রমিকদের উচ্ছেদ করে আবার তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।"
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, "বিদেশি বিনিয়োগ সব সময় ভাল ফল বয়ে আনেনা, সরকারকে তা বুঝতে হবে। চা বাগানে বিদেশি বিনিয়োগ পাওয়ার সরকারি প্রচেষ্টাও ভালো হবে না।"
মানববন্ধনে সিপিবি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, নগর নেতা খালেকুজ্জামান লিপন, সিপিবি কেন্দ্রীয় নেতা কাফি রতনসহ অন্যরা বক্তব্য রাখেন।
