গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
গাজীপুর ও কালিয়াকৈরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার বাঙ্গালঘাট এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪৫) ও ঢাকার বাড্ডা এলাকার গ্যাল্লা সরকারের ছেলে শহিদুল ইসলাম (৫০)।
জয়দেবপুর থানার এসআই মো. শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা-গাজীপুর সড়কের লক্ষ্মীপুরা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক হাফিজুর ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার সময় শহিদুল মারা যান।
এ ঘটনায় আরও চার আহতকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন জয়দেবপুর থানার কনস্টেবল মো. আজহার, গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রতাবপুর এলাকার মো. শাহজাহানের স্ত্রী জোসনা বেগম (৩৭), জোসনার দুই ছেলে মিরাজ (১৬) ও মিনহাজ (১২)।
পুলিশ বাস আটকসহ লাশ দুটি ওই হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
অপরদিকে মির্জাপুর-গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন।
পিকআপচালক সাইদুল ইসলাম (২৫) জামালপুরের সদর উপজেলার খামারপাড়া এলাকার শাহ্ আলমের ছেলে। লাশ থানায় রয়েছে।
এ ঘটনায় আবদুল মান্নান (৩২) ও মোজাম্মেল হক (৫৬) আহত হয়েছেন। তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
