চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ আটক ২
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রায় আড়াই কেজি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
সোমবার সকালে উপজেলার নাস্তিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান।
আটককৃতরা হলেন ওই গ্রামের এমদাদুল হকের ছেলে কাওসার (৪০) ও শামসুল হকের ছেলে আনিসুর রহমান (৩৮) ।
বিজিবি কর্মকর্তা মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে সকালে বিজিবির একটি দল নাস্তিপুর গ্রামে অবস্থান নেয়।
“পরে মোটসাইকেলে করে যাওয়ার সময় কাওসার ও আনিসুরের গতিরোধ করে তাদের শরীর তল্লাশি চালিয়ে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের স্বর্ণের বার পাওয়া যায়।”
উদ্ধার স্বর্ণের দাম দুই কোটি ২২ লাখ চার হাজার টাকা বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।
