সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘বনদস্যু’ নিহত
বাগেরহাটের সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই বনদস্যু নিহত হয়েছেন।
র্যাব বলছে, নিহতরা বনদস্যু দল ‘আকাশ বাবু বাহিনীর’ প্রধান কাশেম ওরফে আকাশ (৪০) এবং দ্বিতীয় প্রধান ফরিদ ওরফে মাইজে (৪৫)। দুজনেরই বাড়ি বাগেরহাটে।
সোমবার সকাল সোয়া ৭টার পর সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খাল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির জানান।
মেজর আদনান সাংবাদিকদের জানান, ‘বনদস্যু’ আকাশ বাবু বাহিনীর ১০/১২ জন সদস্য সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খাল এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।
“ওই বনদস্যু দলটি র্যাবের উপস্থিতি টের র্যাবের উপর গুলিবর্ষণ শুরু করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়।”
আদনান জানান, সকাল সোয়া ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র্যাব স্থানীয় জেলেদের নিয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ, ১৭টি অস্ত্র ও ৪৫০টি গুলি উদ্ধার করে।
তিনি জানান, উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি একনলা বন্দুক, দুইটি এয়ার রাইফেল, পাঁচটি কাটা রাইফেল, চারটি ওয়ান শুটার গান ও ৪৫০টি বিভিন্ন ধরনের গুলি।
জেলেরা ওই দুজনকে আকাশ বাবু বাহিনীর বাহিনী প্রধান কাসেম ও ফরিদ বলে সনাক্ত করে বলে জানান মেজর আদনান।
এই বাহিনী চলতি মৌসুমে সুন্দরবন ও সাগরের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে দাবি করছেন এই র্যাব কর্মকর্তা।
