সিলেটে ৩ ‘ডাকাত’ আটক
সিলেটে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টার অভিযোগে তিন ব্যক্তিকে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর আম্বরখানা বরকতিয়া মার্কেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ।
আটকরা হলেন জাকির হোসেন (৩০), ইউসুফ আলী (৩০) ও জামাল ফকির (৩৫)।
ওসি সোহেল বলেন, “রাতে ৬/৭ জন ডাকাত আম্বরখানা বরকতিয়া মার্কেটের ‘মা জুয়েলার্সের’ গ্রিল কেটে লুটের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ব্যবসায়ীরা ডাকাতদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তিনজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।”
আটকদের কাছ থেকে একটি ড্রিল মেশিন, কাটার ও ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
