কুয়াকাটায় জাপা প্রার্থীকে আ.লীগ প্রার্থীর ‘মারধর’
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত মেয়ার প্রার্থী আব্দুল বারেক মোল্লা ও তার সমর্থকদের বিরুদ্ধে।
রোববার বিকালে কুয়াকাটা জিরো পয়েন্টের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনার সময় তার ছয় সমর্থক আহত হয়েছে বলে জানান জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন।
তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
জাপা প্রার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌরসভার জিরো পয়েন্টের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম।
“এ সময় আওয়ামী লীগ প্রার্থী বারেক মোল্লা ও তার লোকজন এসে হামলা চালিয়ে আমাকে মারধর শুরু করে। এর প্রতিবাদ করলে আমার নির্বাচনী সমন্বয়ক জাহিদ হোসেন, ম্যানেজার রাসেল, বড় ভাই শাহজাহান হাওলাদার, ছোট ভাই সাইদসহ সমর্থকদেরও মারধর করে তারা।”
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান আনোয়ার।
মারধরের অভিযোগ অস্বীকার করে আব্দুল বারেক মোল্লা বলেন, “আমার কর্মী-সমর্থকদের সঙ্গে আনোয়ার সাহেবের সমর্থকদের কথাকাটাকাটি হয়েছে। ঘটনা দেখে আমি গিয়ে আমার লোকজনকে সেখান থেকে তাড়িয়ে দেই।”
কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ায় কথাকাটাকাটি হয়েছে মাত্র।আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম মারধরের কোনো ঘটনা ঘটেনি।”
