২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০

শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শনিবার দুপুরে নড়িয়া থানার পাশে শরীয়তপুর-নড়িয়া সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ আহম্মেদ সেলিম।

এ সময় দুপক্ষ বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদেরকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে শুক্রবার রাতে সংসদ সদস্য শওকত আলীর বাসায় আওয়ামী লীগের সভা হয়। সভা শেষে নৌকা মার্কার সমর্থকরা বাড়ি ফেরার সময় বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বাবু রাড়ির সমর্থকরা বাধা দেয়।এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

“এর জেরে শনিবার দুপুরে নড়িয়া থানার পাশে শরীয়তপুর-নড়িয়া সড়কে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির বেপারীসহ অন্তত ৪০ জন আহত হয়।”

পুলিশ কর্মকর্তা সেলিম বলেন, বোমার শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।