শ্রীপুরে জামায়াতের কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার
গাজীপুরে নাশকতা মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি শ্রীপুর পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী।
শনিবার সকালে পৌর এলাকার চন্নাপাড়া আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তার মোবারক হোসেন শ্যামল শ্রীপুর উপজেলা জামায়াতের রোকন এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী।
ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যামলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুটি, বিস্ফোরক আইনে তিনটি এবং বিশেষ ক্ষমতা আইনে চারটি মামলা রয়েছে।
“এ সব মামলায় তিনি হাজিরা দিতেন না। সকালে নির্বাচনী প্রচার চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।”
