জনগণকে রক্ষা করতে নির্বাচনে বিএনপি: মির্জা ফখরুল
সরকারের জুলুম নির্যাতন ও অত্যাচার থেকে জনগণকে রক্ষা করতে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের মেয়র পদপ্রার্থী ছোটভাই মির্জা ফয়সল আমীনের পক্ষে নির্বাচনী প্রচারে শুক্রবার ঠাকুরগাঁও এসে তিনি একথা বলেন।
নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ইচ্ছা আকাঙ্খা ও অধিকারের প্রতিফলন ঘটাবে বলে মনে করেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে জনগণের সকল প্রকার ‘সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার’ হরণ করেছে সরকার।
“দলীয় প্রতীকে নির্বাচন করে পাঁচ জানুয়ারির মতো আরেকটি পরিবেশ সৃষ্টি করে ফাঁকা মাঠে গোল দেওয়ার পরিকল্পনা করছিল সরকার।
“কিন্তু জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি এ নির্ব্চানে অংশ নিয়েছে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।”
সরকারদলীয় প্রার্থীদের নানা সুবিধা দিয়ে তাদের বিজয়ী করতে নীল নক্শা করছে অভিযোগ তুলে ফখরুল বলেন, “কিন্তু বিএনপি এদেশের দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে সকল প্রকার ষড়যন্ত্রের কঠোর জাবার দেবে।”
বিকালে ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য দেন তিনি।
এ সময় মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীনসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
