নবীনগরে গ্রামবাসীর সংঘর্ষে নিহত এক
পাওনা টাকা নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।
মোল্লা গ্রামে শুক্রবার দুপুরে এ সংঘর্ষ হয় বলে জানান নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।
নিহত গোলাম কবির (৪০) মোহল্লা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে কবির মিয়া টেটাবিদ্ধ হলে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
সংঘর্ষে উভয়পক্ষের আহত অন্তত ২০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভিবিক আছে।
পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
