কিশোরগঞ্জে প্রশাসনের পক্ষপাতের অভিযোগ বিএনপির
আগামী ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে কিশোরগঞ্জে প্রশাসনের পক্ষপাতের অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের স্টেশন রোডে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পৌরসভা নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহের মনিটরিং কমিটির প্রধান এম ওসমান ফারুক।
বিএনপির প্রার্থী ও সমর্থকদের উপর ‘হামলা, বিনা অভিযোগে গ্রেপ্তার, প্রচারে বাধা ও হুমকিসহ বিভিন্ন পক্ষপাতের’ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এ নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশে বহুদলীয় গণতন্ত্রের সব পথ রুদ্ধ হয়ে যাবে।”
সেনা মোতায়েন হলে সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
কোনো অবস্থায়ই বিএনপি নির্বাচন থেকে সরে আসবে না জানিয়ে তিনি বলেন, “এটি প্রত্যাহারের নির্বাচন নয়। আমরা প্রত্যাহার করব না, শেষ পর্যন্ত মাঠে থেকে লড়াই চালিয়ে যাব।”
জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান অভিযোগ করেন, বিএনপির কর্মীদের উপর গ্রেপ্তার-নির্যাতন করে প্রশাসন ও পুলিশ সরকারি দলের কর্মীর দায়িত্ব পালন করছে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শরীফুল আলম বলেন, “আমাকে ভৈরব পৌরসভায় যেতে পুলিশ অন্যায়ভাবে বাধা দিচ্ছে। আমার নিজ এলাকা হওয়া সত্ত্বেও ভৈরব থানার ওসি আমাকে মোবাইল ফোনে বলেছেন, আমি যেন ভৈরব না যাই।”
তবে ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার দাবি করেন, তিনি শরীফুল আলমকে ফোন করেননি।
