২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

কুড়িগ্রাম শহরের নিখোঁজের তিনদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভেলাকোপা এলাকার হানাগর পাড়ার মোর্শেদা বেগমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কুড়িগ্রাম সদর থানার ওসি মুর্শেদুল করিম মোহাম্মদ এতেশাম জানান।

নিহত আলিফ আহম্মেদ স্বপ্ন (১৪) শহরের সরদার পাড়ার   ব্যবসায়ী সুলতান আহম্মেদের ছেলে। কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মোর্শেদা ও তার ছেলে রিফাতকে আটক করেছে পুলিশ।

ওসি এতেশাম বলেন, সোমবার সকালে মাকে নাস্তা দিতে বলে বন্ধু রিফাতের সঙ্গে কথা বলতে বাসার বাইরে যায় স্বপ্ন। এর পর আর ফেরেনি সে। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় মঙ্গলবার তার পরিবার কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে জানিয়ে ওসি বলেন, “এর পর পুলিশ বুধবার রাতে রিফাত ও তার মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। বৃহস্পতিবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আবার আটক করলে স্বপ্নকে খুনের পর সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার কথা স্বীকার করে তারা।”

পরে তাদের বাসার ল্যাট্রিনের সেপটিক ট্যাংক ভেঙ্গে স্বপ্নের গলিত লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।