খাগড়াছড়িতে অটোরিকশা খাদে পড়ে নিহত ২
খাগড়াছড়ির মাটিরাঙ্গার গুইমারায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার গুইমারার জালিয়া পাড়ায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গুইমারা থানার ওসি মোস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন গুইমারার ছোট পিলাক এলাকার অটোরিকশা চালক নাছির উদ্দিন (৩৫) এবং মানিকছড়ির গচ্চাবিল এলাকার নাছির উদ্দিন (৩০)।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
আহত দুজনকে জালিয়াপাড়া মিশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অটোরিকশা চালক নাছির স্ত্রী ও মাকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। পরে যাত্রী হিসেবে ওঠেন গচ্চাবিল এলাকার নাছির উদ্দিন।
“পথে জালিয়াপাড়ায় অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।”
