২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মিয়ানমার নাগরিক’ নিহত

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী এক মিয়ানমারের নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 04:12 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার ৩ নম্বর স্লুইস গেইট এলাকার নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

এ সময় ইয়াবাসহ আরেক পাচারকারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নিহত মোহাম্মদ দরবেশ (২০) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার ডেইপাড়ার বাসিন্দা।

আটক মো. ছমির উল্লাহ (১৮) একই এলাকার বাসিন্দা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশ করছে এমন খবর পেয়ে বিজিবির টহল দল নাজির পাড়ার ৩ নম্বর স্লুইচ গেইট এলাকার নাফ নদীর মোহনায় অবস্থান নেয়।

“ভোর রাতে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা এসে বেড়িবাঁধের পাশে থামে। এ সময় বিজিবি সদস্যরা তাদের দিকে এগিয়ে যেতে থাকলে ইয়াবা পাচারকারীরা গুলি ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোড়ে।”

এ সময় তিন পাচারকারী পালিয়ে গেলেও গুলিবিদ্ধ দরবেশসহ দুজনকে বিজিবি আটক করে বলে জানান তিনি।

বিজিবি কর্মকর্তা আরও বলেন, গুলিবিদ্ধ মোহাম্মদ দরবেশকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকালে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটকদের দেহ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা, দুটি কার্তুজের খোসা ও দুটি কিরিচ উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম বলেন, হাসপাতালে আনার আগেই দরবেশের মৃত্যু হয়েছে। তার বুক ও কোমরে দুটি গুলির চিহ্ন রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।