কিবরিয়া হত্যা: আবার পেছালো সাক্ষ্যগ্রহণ
সাক্ষী অনুপস্থিত না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবার পেছানো হয়েছে।
কখনও আসামি আবার কখনও সাক্ষী উপস্থিত না হওয়ায় এ নিয়ে ১২ বার পেছালো এ মামলার সাক্ষগ্রহণ।
আদালতের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে সাক্ষগ্রহণের দিন ধার্য ছিল। এটি ছিল সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন।
“আদালতে সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ৬ ও ৭ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রাখা হয়েছে।”
এ মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গৌছসহ ১২ জনকে আদালতে হাজির করা হয় বলে কিশোর কুমার জানান।
গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। নির্ধারিত ১৮ তারিখের মধ্যে মাত্র ছয় দিন সাক্ষ্যগ্রহণ হয়।
আলোচিত এ মামলায় ১৭১ জনের জবানবন্দি শুনবে আদালত।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
তিন দফা তদস্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।
