২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপি প্রার্থীর উপর হামলা

যশোর পৌরসভায় নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপির প্রার্থীসহ সমর্থকদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 12:59 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বৃহস্পতিবার সকালে শহরের মিশন পাড়া এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

হামলায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মারুফুল ইসলাম।

নৌকা সমর্থকরা এ হামলা চালায় বলে বিএনপি প্রার্থী অভিযোগ করলেও আওয়ামী লীগ তা অস্বীকার করেছে।

মারুফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আমি ও আমার লোকজন নির্বাচনী প্রচার চালানোর সময় ২০/৩০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

“আমরা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে তারা সেখানে গিয়েও আমাদের উপর হামলা চালায়। এতে অন্তত চারজন আহত হন।”

আহত জেলা বিএনপির নেতা রুহুল আমিন, যুবদল নেতা উজ্জ্বল, মনি ও বিটুলকে যশোর জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে মারুফুল ইসলাম জানান।

নৌকা প্রতীকের সমর্থকরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায় বলেও দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, “আমাদের দলের কোনো নেতাকর্মী এ ধরনের হামলা চালায়নি।”

যশোর কোতোয়ালি থানার ওসি সিকদার আককাস আলী বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী ও তার লোকজন ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার চালাতে গেলে ‘সন্ত্রাসীরা’ তাদের ধাওয়া করে। পুলিশের সহায়তায় তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।

তবে আহতের ব্যাপারে পুলিশ কিছু জানে না বলে জানান ওসি।

এদিকে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার চালানোর জন্য বুধবার থেকে যশোরে অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী। খবর পেয়ে তিনি যশোর প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “যশোর, খুলনা, কুষ্টিয়া সবখানেই একই অবস্থা। বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বিঘেœ প্রচার কাজ চালাতে পারছেন না।”