টাঙ্গাইলে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩
টাঙ্গাইল সদরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, যাদের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বলছে র্যাব।
র্যাব ১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর কমান্ডার এএসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কাকুয়া ইউনিয়নের শিবপুর ওমরপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। এতে র্যাবের তিন সদস্য আহতও হন।
নিহতরা হলেন ওমর মিয়া, আবুল কাশেম ও সাদ্দাম হোসেন।
এদের মধ্যে ওমর মিয়া পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা এবং অপর দুজন সদস্য বলে জানান মহিউদ্দিন।
মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদ পেয়ে ভোর রাতে ওমরপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সর্বহারা (পূর্ববাংলা কমিনিউনিস্ট পার্টির) সদস্যরা র্যাবের উপর হামলা চালায়।
“র্যাবও পাল্টা হামলা চালালে সর্বহারা দলের তিন সদস্য গুলিবিদ্ধ হয়, বাকিরা পালিয়ে যায়।
“পরে এলাকাবাসীর সহায়তায় র্যাব সদস্যরা গুলিবিদ্ধ সর্বহারা সদস্যদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
র্যাব কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে ইতালির তৈরি দুইটি পিস্তল, দুইটি ম্যাগজিন, সাত রাউন্ড তাজা গুলি, একটি এক্স-ডাবল ব্যারেল গান ও দুইটি ফায়ারিং কার্তুজ উদ্ধার করা হয়।
নিহতদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি ও অস্ত্র আইনে ১১-১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
