২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার প্রতিবাদে আলতাফ চৌধুরীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে প্রচারে যাওয়ার সময় হামলার নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 04:18 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বুধবার বেলা ১১টায় পটুয়াখালী শহরের সার্কিট হাউজ সংলগ্ন সুরাইয়া ভবন প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

সংবাদ সম্মেলন পটুয়াখালী জেলা বিএনপির এ সভাপতি বলেন, মঙ্গলবার সকালে কলাপাড়া শহরে প্রবেশের সময় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডররা পরিকল্পিতভাবে তার গাড়ি বহরে হামলা চালিয়ে ছয়টি গাড়ি ভাংচুর এবং নেতা-কর্মীদের পিটিয়ে আহত করে। এতে তার স্ত্রীসহ অন্তত ২০ নেতা-কর্মী আহত হন।

হামলার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেও পাওয়া যায়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

এর পর কুয়াকাটা সফর বাতিল করে পটুয়াখালীতে ফিরে আসেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি লায়লা ইয়াসমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান টোটনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।