২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ৫দিন বহিরাগত নিষিদ্ধ

পৌরসভা নির্বাচনকে ঘিরে আগামী ২৮ ডিসেম্বর থেকে পাঁচদিন বান্দরবানে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 01:18 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বুধবার বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. আবু জাফর এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত বহিরাগতদের অবস্থানে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে বান্দরবান পৌরসভা এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না।

এ নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি জেলার সকল হোটেল, মোটেল ও রিসোর্টের মালিকদের কাছে পাঠানো হয়েছে বলেও জানান এডিসি।

এদিকে এ নির্দেশনা পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বান্দরবান আবাসিক হোটেল ফোর স্টারের মালিক রিপন লাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যটন এলাকা হিসেবে বছরে মাত্র ৩ মাস হোটেল ব্যবসা হয়। শীত মৌসুম হচ্ছে পর্যটকদের জন্য উত্তম সময়।

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাঁচদিনের নিষেধাজ্ঞা আরোপ থাকলে ব্যবসায়ীদের অন্তত কয়েক কোটি টাকার লোকসান হবে বলে দাবি করেন তিনি।

স্থানীয় ট্যুর অপারেটর হানিফ বলেন, “আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বান্দরবানে আসার জন্য শতাধিক পর্যটক বুকিং দিয়েছেন। আমরা হোটেলে বুকিং দিয়েছি অর্ধেক টাকা দিয়ে। পাঁচদিনের নিষেধাজ্ঞায় আমাদের অনেক ক্ষতি হবে।”  

নিষেধাজ্ঞার সময় কমিয়ে তিনদিন করার দাবি জানান তিনি।

পূরবী হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের এই পদক্ষেপ নিঃসন্দেহে ভালো। তবে নিষেধাজ্ঞার সময়সীমা আরও কমানো উচিত।

আগামী ৩০ ডিসেম্বর দেশের অন্যান্য অংশের মতো বান্দরবানেও পৌর নির্বাচন হওয়ার দিন ধার্য আছে।