‘মুক্তিপণের জন্য’ শিশু অপহরণের অভিযোগ
জয়পুরহাটে আড়াই বছরের এক শিশুকে ‘মুক্তিপণ আদায়ের জন্য’ অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
রাধারানী নামের ওই শিশুর বাবা পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের ব্যবসায়ী পরেশ চন্দ্র।
পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করার সময় রাধাকে অপহরণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করেন পরেশ চন্দ্র।”
পরেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করে বলেন, “অপহরণের পর তারা মোবাইলে ফোন দিয়ে বাড়াবাড়ি না করার জন্য শাসিয়েছে। এরপর অপহরণকারীরা মুক্তিপণের পরিমাণ পরে জানানো হবে বলে ফোন বন্ধ করে দেয়।”
সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে বলে ওসি জানিয়েছেন।
