এয়ার ক্লিনারের ভিতরে ১০ হাজার ইয়াবা
কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেলের এয়ার ক্লিনারের পাইপের ভিতরে রাখা ১০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।
আটক জাবেদ আলম (১৯) কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকার খোরশেদ আলমের ছেলে।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
“কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বিজিবির শীলখালী চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের এয়ার ক্লিনারের পাইপের ভিতরে রাখা ছয়টি পোঁটলায় ১০ হাজার ৬৯০টি ইয়াবা পাওয়া যায়।”
ইয়াবাগুলো জাবেদ আলম টেকনাফ থেকে কক্সবাজার নিয়ে যাচ্ছিলেন।
ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার পাশাপাশি জাবেদকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে অধিনায়ক জানিয়েছেন।
