‘পৌর নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হয়নি’
পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মনে করেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার ৮ পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
তিনি বলেন, সব প্রার্থীই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যা যা করা প্রয়োজন সকলের সহযেগিতায় তার সবই করা হবে।
আচরণবিধি সম্পর্কিত এক প্রশ্নে জবাবে নির্বাচন কমিশনার বলেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশে আলাদা কোনো নীতিমালা করা হয়নি জানিয়ে তিনি বলেন, তবে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে সাংবাদিক ও পর্যবেক্ষকদের লক্ষ্য রাখতে হবে।
দেশের ২৩৪টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য রয়েছে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন করছেন মেয়র পদপ্রার্থীরা। গত সংসদ নির্বাচন বয়কট করলেও পৌরসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে বিএনপি।
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, পৌর নির্বাচনের মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
