২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ হবে মডেল: বেনজীর

জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে মডেল হিসেবে দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 03:53 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

রোববার দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে র‌্যাবের অপরাধ প্রতিরোধমূলক এক সভায় তিনি জঙ্গিবাদ অনুসারীদের আইনশৃংখলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার আহ্বান জানান।

তিনি তাদের ওই পথ থেকে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যদের পরামর্শ দিয়ে বলেন, তা না হলে তাদের পরিবারও এর জন্য দায়ী থাকবে।

“খুব শিগগিরই আমরা জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদ-মৌলবাদকে স্থায়ীভাবে নির্মূল করে জঙ্গিবাদ নির্মূলে বিশ্বকে বাংলাদেশ মডেল হিসেবে দেখাতে চাই।”

রংপুরের র‌্যাব-১৩ আয়োজিত এ সভায় র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় কোনো পীর-অলি-আউলিয়া এদেশে অস্ত্র তরবারি নিয়ে মানুষ হত্যা করে ইসলাম প্রচার করতে আসেননি।

তারা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, এসব মৌলবাদ-জঙ্গিবাদ ইসলামের নামে সব থেকে বেশি ইসলামের ক্ষতি করছে। তাদের হত্যা তালিকায় সব থেকে বেশি রয়েছে মুসলমান।

“আসলে তারা ধর্মের নামে ধর্মহীনতা কায়েম করতে চায়।”

বেনজীর বলেন, কাহারোলবাসী যেভাবে জঙ্গিদের ধরিয়ে দিয়েছে, সেই পথ অনুসরণ করে আইনশৃংখলা বাহিনী সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে খুঁজে খুঁজে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ নির্মূল করবে।

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, র‌্যাব-১৩ অধিনায়ক উইং কমান্ডার ফরহাদ আহমেদ, দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।

এর আগে র‌্যাব মহা পরিচালক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।