গোপালগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জে ভাতিজাকে মারধরের প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় বৃদ্ধার পুত্রবধূ আহত হয়েছেন।
টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামে রোববার এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান।
নিহত রোমেচা বেগম (৬৫) ওই এলাকার বেলায়েত হোসেন বিশ্বাসের স্ত্রী এবং বর্ণি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দারের ফুপু।
রোমেচার পুত্রবধূ আহত বউ লিমা বেগমকে (৩৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার অধিপত্য বিস্তার নিয়ে বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দারের সঙ্গে সাবেক চেয়ারম্যান সাজ্জাদ করিম মন্টুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে রোবরার সন্ধ্যায় মন্টুর লোকজন খালিদের উপর হামলা চালায়।
“খালিদের ফুপু রোমেচা বেগম এর প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে রোমেচার ছেলের বউ লিমা বেগমকেও কুপিয়ে আহত করে তারা।
খালিদ হোসেন বলেন, “রোববার বিকালে অফিস থেকে বাড়ি ফেরার সময় মন্টুর সমর্থকরা আমাকে মারধর করে। আমার ফুপু এর প্রতিবাদ করলে হামলাকারীরা তার বাড়ি-ঘরে হামলা করে ও তাকে কুপিয়ে জখম করে।”
