২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভূঞায় ভোট যুদ্ধে চাচা-ভাতিজা

ফেনীর দাগনভূঞা পৌরসভার একটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটের লড়াইয়ে নেমেছেন চাচা-ভাতিজা।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 10:15 AM

Updated : 22 Aug 2022, 02:18 PM

৭ নম্বর ওয়ার্ডের এ দুই প্রার্থী হলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কামরুল হাসান আর তার ভাতিজা বিএনপির জাফরুল ইসলাম।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসানের প্রতীক ‘পাঞ্জাবি’ এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম লড়ছেন ‘উট পাখি’ প্রতীকে।

সরেজমিনে জানা যায়, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে এলাকার অলি-গলি, হোটেল-রেস্তোরা, বাসা বাড়ি ও প্রতিটি চা দোকানে ভোট প্রার্থনা করছেন চাচা-ভাতিজা।

কামরুল হাসান বলেন, “আমি নির্বাচিত হলে এলাকা জলাবদ্ধতা দূরসহ সকল উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠভাবে পরিচালনা করব। সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসা বন্ধ করব।”

জাফরুল ইসলাম বলেন, “নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে খানাখন্দ ভরা সড়কগুলো সংস্কারসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাব।”

ভোটের লড়াইয়ে চাচা ভাতিজার সর্ম্পকের চেয়ে তাদের ‘ব্যক্তিগত ইমেজই বড় ফ্যাক্টর’ হবে বলে দাবি করেছেন দুই কাউন্সিলর প্রার্থী।

এই ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৩৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩২ জন, মহিলা ভোটার ৭২৯ জন।

৩০ ডিসেম্বর নির্বাচনে দাগনভূঞা পৌরসভায় একটি মেয়র, ৯টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে মেয়র পদে ও সাধারণ কাউন্সিলর ১, ৩ ও ৭ নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

৬টি সাধারণ ও ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে সরকার দলীয় একক প্রার্থী থাকায় ৯ জন কাউন্সিলর ইত্যেমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।