২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের উপর হামলা

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের উপর দলের অপর একটি পক্ষ লাঠিসোটা নিয়ে হামলা করার অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 12:56 AM

Updated : 25 Apr 2022, 02:19 PM

মিরপুর থানার ওসি কাজী জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিয়া রোডে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সমর্থক নেতাকর্মীদের নিয়ে বিএনপির মেয়র প্রার্থী আজিজ খানের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।

এ সময় সাবেক সংসদ সদস্য ‘শহিদুল ইসলামের অনুসারী রহমত আলী রব্বানীর লোকজন এসে অতর্কিত হামলা চালায়’ বলে অভিযোগ করেন মিরপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন।

ব্যারিস্টার রাগীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কিছু বুঝে উঠার আগেই আমাদের উপর হামলা চালানো হয়। এতে আমাদের কর্মীরা আহত হয়েছেন।”

বিএনপির মনোনয়ন না পাওয়া একটি পক্ষ এই হামলায় জড়িত বলে  তিনি অভিযোগ করেন। তবে তিনি কারও নাম বলেননি।

হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি ‘একটু বেশি আঘাতপ্রাপ্ত’ হেলাল উদ্দিন (৪২) ও শওকত আলীকে (৪০) ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি কাজী জালাল বলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের অনুসারী রব্বানীর লোকজন হামলা চালিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।