বাঘাইছড়িকে খাগড়াছড়িতে যুক্ত করার প্রস্তাবে প্রতিবাদ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাকে খাগড়াছড়ির সাথে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে উপজেলাবাসী।
রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগর্গ বক্তব্য দেন।
বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমা বলেন, “বাঘাইছড়ি উপজেলাবাসীর অধিকার খর্ব করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে।”
তবে কী ধরনের ষড়যন্ত্র সে সম্পর্কে তিনি কিছু বলেননি। তিনি মনে করেন, উপজেলাটি খাগড়াছড়ির অন্তর্ভুক্ত হলে তারা চতুর্থ শ্রেণির নাগরিকে পরিণত হবেন।
সমাবেশে কাচলং কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান বলেন, “বাঘাইছড়ি উপজেলাকে কোনোভাবেই খাগড়াছড়ি জেলার সাথে অন্তুর্ভুক্ত করতে দেওয়া যাবে না। বাঘাইছড়িবাসী এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।”
বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি জমির হোসেন প্রস্তাবের প্রতিবাদে আগামী ৯ জানুয়ারি ছাত্রধর্মঘট ঘোষণা করেছেন।
প্রস্তাব সম্পর্কে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে বাঘাইছড়ি উপজেলাকে খাগড়াছড়ির অন্তর্ভুক্ত করার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
“এ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিসহ উপজেলাবাসীর মতামত চেয়েছে ওই মন্ত্রণালয়।”
আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আলোচনার কথা রয়েছে বলেও এই নির্বাহী কর্মকর্তা জানান।
বাঘাইছড়ি থেকে রাঙ্গামাটি সদর নৌপথের দূরত্ব ১১০ কিলোমিটার। সড়ক যোগাযোগ নেই।
অপরদিকে বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি সদর পর্যন্ত সড়কপথের দূরত্ব ৪৪ কিলোমিটার।
