গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার লাশ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান কালিয়াকৈর থানার এসআই মো. আব্দুল মজিদ।
নিহতরা হলেন, রংপুর কোতোয়ালি থানার বালিয়াপাড়া গ্রামের নাজির হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০) ও তার দ্বিতীয় স্ত্রী মর্জিনা আক্তার (২৪)।
বিল্লাল উপজেলার উলুসারা গ্রামের বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালের প্রথম স্ত্রী আসমা বেগম, ভাবি আনিসা বেগম, বাড়ির মালিক কাদুনী বেগম ও মালিকের ভাই মজনু মিয়াকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে এসআই বলেন, বাদশা মিয়ার বাড়ি ভাড়া নিয়ে প্রথম স্ত্রী আসমা ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে রাসেলকে নিয়ে বসবাস শুরু করেন বিল্লাল। কিছু দিন আগে ভাড়াটিয়া মর্জিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। এ নিয়ে কলহের জেরে বাবা বাড়ি চলে যান আসমা।
“এই সুযোগে গত ১৭ ডিসেম্বর মর্জিনাকে বিয়ে করেন বিল্লাল। এ খবর পেয়ে শনিবার রাতে বাসায় ফেরেন আসামা। রোববার দুপুরের কোনো এক সময় দ্বিতীয় স্ত্রী মর্জিনাকে নিয়ে ঘরের ঢুকে আর বের হননি বিল্লাল। বিকালে বাড়ির লোকজন তাদের শোওয়া ঘরের ধর্নার সঙ্গে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পায়।”
পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. সামছুল হুদা নাইম বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
রাতে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
