বিএনপি নির্বাচন থেকে সরবে না: মাহবুবুর রহমান
বিএনপি পৌর নির্বাচন বর্জন করবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান।
শনিবার লালমনিরহাট পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী আব্দুল হালিমের নির্বাচনীয় প্রচারণা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এবার বিএনপি নির্বাচনের মাঠে থাকার প্রত্যয় নিয়েই অংশ নিয়েছে। নির্বাচন বর্জন করার জন্য নয়।”
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপি নেতৃত্বাধীন জোট এরইমধ্যে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে।
উপজেলা নির্বাচনে তারা কারচুপির অভিযাগ তুলেছে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে।
চারদিকে বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে বলে মনে করেন দলের এই নেতা।
তিনি বলেন, “সরকার বিএনপির মেয়র পদপ্রার্থীদের জনসমর্থন দেখে ভীত হয়ে হামলা-হুমকি ও গণগ্রেপ্তারে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে।”
সরকার ও নির্বাচন কমিশন একই আচরণ করছে বলেও দাবি তার।
শনিবার দুপুরে শহরের মিশন মোড় থেকে আব্দুল হালিমের পক্ষে জনসংযোগ শুরু করে বিডিআর গেট, কালীবাড়ী, খোর্দ্দসাপটানা, সদর হাপাতাল ও নয়ারহাট বাজার এলাকায় জনসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সভাপতি আসাদুল হাবীব দুলু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, বিএনপির সাবেক সাংসদ রইছ আহম্মেদ, জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।
