২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিকের হাত-পা বাঁধা লাশ

ঢাকার সাভারে নিজের ঘর থেকে শেফালী বেগম (২৪) নামের এক গার্মেন্ট শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 01:52 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

শনিবার সকালে ভাটাপাড়া মহল্লার ফজল মিয়ার বাড়ি থেকে শেফালীর লাশ উদ্ধার করা হয় বলে সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

শেফালী ময়মনসিংহের গৌরীপুর থানার শিংজালী গ্রামের হাসেম আলীর মেয়ে। তিনি ভাটাপাড়ায় ফজল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং সাভারের একটি কারখানায় কাজ করতেন।

শেফালীর মা সোলেমা বেগম জানান, রাতে কারখানা থেকে ফিরে শেফালী তার চার বছরের মেয়ে নাসরিনকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন।

“রাতের কোনো সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করে,” অভিযোগ সোলেমা বেগমের।

তবে তিনি কারও বিরুদ্ধে অভিযোগ আনেননি।

সোলেমা জানান, চার বছর আগে স্বামী নাসিরুদ্দিনের সঙ্গে শেফালীর বিচ্ছেদ হয়।

সকালে শেফালীর ঘরে ঢুকে তার হাত-পা বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেন সোলেমা ।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে জানিয়ে সাভার মডেল থানার এসআই শফিউল আলম বলেন, “ঘটনার পর থেকে শেফালীর মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। আরও তদন্ত এবং লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলার বিষয়টি বিবেচনা করা হবে।”