২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিয়ানী মুক্ত দিবস ১৯ ডিসেম্বর

কাশিয়ানী মুক্ত দিবস ১৯ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এলাকা হানাদারমুক্ত হয় পাকবাহিনীর দখলে থাকা ভাটিয়াপাড়া ক্যান্টনমেন্টের পতনের মধ্য দিয়ে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 10:52 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

এ এলাকায় মুক্তিযুদ্ধের সাথে জড়িত থাকা কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন সেদিনের মুক্তির কথা।

তিনি বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর ও নড়াইল জেলার সীমান্তে অবস্থিত এবং ভৌগোলিক ও যুদ্ধের দিক থেকে গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও নদীবন্দর ভাটিয়াপাড়ার দখল নিতে হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে লড়াই হয় কয়েক দফা।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৬ ডিসেম্বরের ১৫ ঘণ্টার যুদ্ধ এবং ১৬ থেকে ১৯ ডিসেম্বরের তিন দিনের যুদ্ধ।

এনায়েত হোসেন জানান, দীর্ঘ সাত মাস পাকসেনার শক্তিশালী একটি গ্রুপ এখানে অবস্থান নিয়ে এলাকার নিরীহ মুক্তিকামী মানুষের উপর নানা রকম নির্যাতনসহ গণহত্যা চালায়। অনেক লাশ মধুমতী নদীতে ভাসিয়ে দেয়।

পাকবাহিনীর একটি দল গোপালগঞ্জ সদর উপজেলা সংলগ্ন জয়বাংলা পুকুরপাড়ের মিনি ক্যান্টনমেন্ট থেকে ৬ ডিসেম্বর রাতে পালিয়ে ভাটিয়াপাড়ার এই ক্যাম্পে অবস্থান নেয়।

এই ক্যান্টনমেন্ট দখল করতে এ সময় টানা ১৫ ঘণ্টার যুদ্ধ হয়। পাকবাহিনী বিমান থেকে গুলি ও বোমা বর্ষণ করে। কিন্তু সেদিন মুক্তিযোদ্ধারা পিছু হটেননি। এই যুদ্ধে মুক্তিযোদ্ধা মীর মহিউল হক মিন্টু ও এ কিউ এম জয়নুল অবেদীন শহীদ হন।

এই ক্যান্টনমেন্টের দখল নিতে দ্বিতীয় দফা যুদ্ধ হয় ১৬ ডিসেম্বর। তিন দিন যুদ্ধের পর ১৯ ডিসেম্বর খুব ভোরে নড়াইল, গোপালগঞ্জ ও ফরিদপুরের দিক থেকে ত্রিমুখী আক্রমণ হয়।

এ যুদ্ধে ৬ পাকসেনা নিহত এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিকদার, অনিল কুমার বিশ্বাস, মজিবর রহমান ও মোহাম্মদ হান্নান শেখ শহীদ হন।

১৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে ৬৫ পাকসেনা আত্মসমর্পণ করে। ওড়ানো হয় বাংলাদেশের মানচিত্র ও লাল সূর্য খচিত গাঢ় সবুজ জমিনের পতাকা। হানাদারমুক্ত হয় কাশিয়ানীর ভাটিয়াপাড়াসহ সমগ্র গোপালগঞ্জ অঞ্চল।