২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে হাত দিলে আন্দোলন: গয়েশ্বর

পৌর নির্বাচনের ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

শুক্রবার টাঙ্গাইলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর এক নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, পৌরসভার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জনগণের ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।

“সরকার যদি ভোটের উপর হাত দেয় আর ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে ৩০ ডিসেম্বরের পর থেকে শুরু হবে এই সরকারের পতন আন্দোলন।”

আসন্ন পৌরসভা নির্বাচনকে অন্যায় নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

গত সংসদ নির্বাচন বয়কট করলেও ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে ওই পথসভায় সরকারের সমালোচনা তিনি বলেন, এতোদিন জঙ্গিবাদের কথা বলে চিৎকার করলেও এখন বলছে দেশে কোনো জঙ্গি নাই।

দেশে ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

পথসভায় জেলা বিএনপির সভাপতি আহম্মেদ আযম খান ও সাধারণ সম্পাদক শামছুল আলম তোফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।