২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিহতের হুমকির মধ্যে লতিফ সিদ্দিকীর জন্মদিন পালন

কওমী ওলামা পরিষদের প্রতিহত করার ঘোষণার মধ্যেই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জন্মদিন পালন করেছে তার অনুসারীরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 09:40 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

৭৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার অনুসারী ঢাক-ঢোল বাজিয়ে মিছিল নিয়ে তার বাসার সামনে হাজির হয়।

অন্যদিকে এই অনুষ্ঠান প্রতিহত করার ডাক দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা কওমী ওলামা পরিষদ।

জন্মদিন উপলক্ষে  আওয়ামী লীগের বহিষ্কৃত এ নেতার বাসভবনের সামনে লাঠি খেলাসহ বিভিন্ন আয়োজন ছিল।

বিকাল ৪টার সময় ৭৮ পাউন্ডের কেক কাটেন লতিফ সিদ্দিকী। এ সময় তার স্ত্রী বেগম লায়লা সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

এর আগে তার বাসভবনে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৪ আসনের  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ঈমাম খান সোহেল হাজারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি নুরনবী সরকার প্রমুখ।

পরে লতিফ সিদ্দিকী অনুসারীদের মাঝে নিজ হাতে মিষ্টি ও কেক বিতরণ করেন।

এদিকে শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলা কওমী ওলামা পরিষদের উদ্যোগে কালিহাতী জামে মসজিদ ও আশপাশের মসজিদ থেকে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ করে।

সমাবেশে লতিফ সিদ্দিকীকে প্রকাশ্যে ‘তওবা’ করার আহ্বান জানানো হয়।

গত বছর ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করেন তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা হয়।

বিভিন্ন ইসলামপন্থি দলের আন্দোলনের হুমকি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার মুখে লতিফকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।