২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 08:42 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

Image
হানিফ উদ্দিন (ফাইল ছবি)

হানিফ উদ্দিন (ফাইল ছবি)

নিহত হানিফ উদ্দিন (৪৫) উপজেলার ডোয়াইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চর হাটবাড়ী রাজারহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তদের গুলিতে মোজাফ্ফর মণ্ডল (৬৫) আরও এক বৃদ্ধ আহত হয়েছেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হানিফ সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজারহাটখোলা এলাকার একটি চা দোকানে বসে চা পান করছিলেন।

"এ সময় দুটি মোটরসাইকেলে ছয়জনের একটি দল ওই দোকানে ঢুকে দোকানিকে চা দিতে বলে। হঠাৎ হানিফের মাথায় গুলি করে তারা পালিয়ে যায়। "

ঘটনার সময় দোকানে থাকা বৃদ্ধ মোজাফফরের শরীরেও গুলি লাগে বলে জানান আওয়ামী লীগ নেতা ছানোয়ার।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, "প্রত্যক্ষদর্শীরা বলছে, দুর্বৃত্তদের পরনে কোট-টাই ছিল। স্থানীয়রা পরপর তিনটি গুলির শব্দ পেয়েছে।"

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।