২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে কুলাউড়ার ওসি প্রত্যাহার

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগে মৌলভীবাজারে কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

শুক্রবার সকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ওসি মতিয়ার প্রশাসনিক প্রভাব বিস্তার করছেন জানিয়ে বিএনপির প্রার্থী কামাল আহমদ জুনেদ, স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুছ ও জাতীয় পাটির প্রার্থী মুহিবুর রহমান নির্বাচন কমিশন বরাবরে লিখিত অভিযোগ করেন।

“এ অভিযোগ পেয়ে জেলা নির্বাচন কমকর্তা কাজী মো.ইস্তাফিজুল হক আকন্দ বৃহস্পতিবার রাতেই ওসিকে প্রত্যাহারের জন্য আবেদন জানান।”

ওই আবেদনের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এ ব্যাপারে কুলাউড়া থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পুলিশ সুপারের চিঠি পাওয়ার পর বিকালে ওসি আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।