২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেপালের নাট্যোৎসবে অংশ নিচ্ছে ‘হিরণ কিরণ থিয়েটার’

এর আগে ভারতের প্রায় ১০টি রাজ্যে আন্তর্জাতিক নাট্যোৎসব এবং শ্রীলঙ্কার মঞ্চেও নাটক পরিবেশন করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 04:23 PM

Updated : 28 Oct 2026, 04:22 PM

নেপালে ষষ্ঠ ‘লালাবালা কাঠমান্ডু আন্তর্জাতিক শিশু থিয়েটার উৎসব ২০২৬’-এ প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের নাটক ‘এ ফাদারস স্কাই’।

প্রযোজনাটি নিয়ে উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের নাট্যদল ‘হিরণ কিরণ থিয়েটার’।

উৎসবে অংশ নিতে আগামী ১ নভেম্বর নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন নাট্যদলের শিল্পীরা। আর উৎসব শুরু হবে ২ নভেম্বর থেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, আন্তর্জাতিক এই আয়োজনের মাধ্যমে বিশ্বমঞ্চে মুন্সীগঞ্জ-বিক্রমপুরসহ বাংলাদেশের সমৃদ্ধ লোকসংস্কৃতি ও নাট্যকলা তুলে ধরা হবে।

‘হিরণ কিরণ থিয়েটারের’ জন্য এটি সপ্তমবারের মত নেপাল সফর। এর আগে ভারতের প্রায় ১০টি রাজ্যে আন্তর্জাতিক নাট্যোৎসব এবং শ্রীলঙ্কার মঞ্চেও নাটক পরিবেশন করেছে তারা।

দলটির প্রধান জাহাঙ্গীর আলম ঢালীর নেতৃত্বে এবারের সফরে যাচ্ছেন মোহাম্মদ শামীম শেখ, শামীমা আক্তার মুক্তা, মোহাম্মদ রাজিবুল হাসান, মো. মজিবুল হক এবং শিশুশিল্পী ঋদ্ধ হক।

উৎসবের জন্য নির্বাচিত ‘এ ফাদারস স্কাই’ নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীর আলম ঢালী।

নাটকটির গল্প গড়ে উঠেছে একজন বাবা ও মেয়ের অকৃত্রিম ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে। শৈশবে মাতৃহারা কন্যা তুলিকে পরম মমতায় বড় করে তোলেন বাবা রহমান।

মেয়ের শাস্ত্রীয় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে মূল অনুপ্রেরণা হয়ে দাঁড়ান তিনি। বাবার নিঃস্বার্থ ত্যাগ আর নিজের সাধনায় একসময় সফল নৃত্যশিল্পী হয়ে ওঠে তুলি।