ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘গোলাগুলিতে’ দুইজন আহত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুইপক্ষের ‘গোলাগুলির’ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন কম্পিউটার সায়েন্স বিভাগের এমএ শেষ বর্ষের ছাত্র ও বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু এবং ফলিত পদার্থবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র কামরুজ্জামান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ‘গোলাগুলির সময়’ আহত হন বলে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বাবুর দাবি, তার বাঁ পায়ে গুলি লেগেছে।
সাগর জানিয়েছেন, তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুব উর রহমান ‘একটু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়’ বলে দাবি করেছেন।
প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসের মূল ফটক দিয়ে কিছু বহিরাগত ভেতরে ঢুকে পড়ায় শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করলে একটু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
“এ সময় আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।”
এ ঘটনায় দুই শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নেন বলে তিনি জানান।
স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে আহত দুই ছাত্র চিকিৎসা নিতে ভর্তি হন।
“তাদের মধ্যে বাবুর বাম পায়ে রক্তাক্ত জখম ছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসহ পরামর্শ দেওয়া হয়েছে।”
‘রক্তাক্ত জখম’ গুলি লাগার কারণে কি না ওই চিকিৎসক বলতে পারেন নি।
সাগর নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুল ইসলামের পক্ষের উপর সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান জাপানের পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।”
এ বিষয়ে সভাপতি সাইফুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।
আর বন্ধ পাওয়া গেছে আশিকুর রহমান জাপানের মোবাইল ফোন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
“তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি বলে তিনি জানান।
