জামালপুরে জুটমিলের ৪০ শ্রমিক একসঙ্গে অসুস্থ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি পাটকলে একসঙ্গে অন্তত ৪০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার রাতে উপজেলার ‘আলহাজ জুটমিলে’ ক্যান্টিনের খাওয়ার পর ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম জানিয়েছেন।
হাসপাতালে অসুস্থ শ্রমিকরা জানান, রাতে দায়িত্ব পালন করার সময় জুটমিলের ক্যান্টিনের তৈরি রুটি ও পানি খেলে তাদের পেটে সমস্যা শুরু হয়।
শ্রমিক শফিকুল ইসলাম ও জাহানারা বেগম জানান, ক্যান্টিনের রুটি ও পানি খাওয়ার পর থেকেই তারা পেটে ব্যাথা অনুভব করতে থাকেন এবং পাতলা পায়খানা ও বমি শুরু হয়।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মমতাজ উদ্দিন সাংবাদিকদের বলেন, “মিলের খাবার ও পানি খেয়ে অসুস্থ ৩৯ জনকে সরিষাবাড়ী এবং একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তবে তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে আলহাজ জুটমিলের ব্যবস্থাপক আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
