২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে পাঁচ দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 06:25 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

পুরনো খবর:

সিলেটে পরিবহন ধর্মঘট শুরু

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জেলা প্রশাসন শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”

গত রোববার সকাল থেকে বিভিন্ন স্থানে অবৈধ বাঁশকল বসিয়ে চাঁদা আদায়, শ্রমিক নির্যাতন ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, সেতুর টোল কমানো এবং সিলেট-ভোলাগঞ্জ, সিলেট-জাফলং সড়ক সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট শুরু করে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট করলেও ওই দিন রাত ১১টার দিকে চন্ডিপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের উপর হামলা করে।

পরে এ হামলার প্রতিবাদ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মঙ্গলবার সকাল ৬টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়

পরিস্থিতি উত্তরণে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘট পালনকারী শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে জেলা প্রশাসন।

পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপরিদশর্ক (ডিআইজি) মিজানুর রহমান, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো দিলু মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।