২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িওয়ালার ছেলেকে ‘পেটালেন’ ক্রিকেটার এনামুল

কুষ্টিয়ায় জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের বিরুদ্ধে নিজের বাড়িওয়ালার ছেলেকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 08:46 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

ছেলেকে মারধরের ঘটনায় বাড়ি মালিক আবদুল হালিম রোববার রাতে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ।

বিজয়ের পরিবারের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আবদুল হালিম অভিযোগে জানিয়েছেন, এনামুলের বাবা জামিল মিয়া পরিবার নিয়ে শহরের আড়য়াপাড়ায় আগরওয়ালা সড়কে তার চারতলা ভবনের দ্বিতীয় তলায় চার বছর ধরে ভাড়া আছেন।

বাড়ির নিচে একটি গোডাউনে তালা লাগানো নিয়েই ঘটনার সূত্রপাত।

গোডাউনে তালা লাগানো নিয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির মালিকের ছেলে বাপ্পীর সঙ্গে জামিল মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জেরে রাত সাড়ে ১০টার দিকে বাপ্পীকে বিজয় তার ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করেন বলে অভিযোগে বলা হয়।

বাপ্পীকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আবদুল হালিম।

পরে হালিম রাত ১১টার দিকে বিজয়ের বিরুদ্ধে ছেলেকে মারধরের অভিযোগ করেন।

অন্যদিকে বিজয়ের পরিবারের পক্ষ থেকে দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, বাড়ি মালিকের পরিবারের সদস্যরাই প্রথম তাদের ওপর চড়াও হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে বিজয়দের ফ্ল্যাট তালাবন্ধ পাওয়া গেছে।

দুটি অভিযোগই তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বিপ্লব বলেন, “তদন্তে যেই দোষী হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সময় আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় এনামুল হক বিজয়ের। পরের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেন নিজের প্রথম টেস্ট।

এ পর্যন্ত ৩০টি ওয়ানডেতে ৩৫ দশমিক ১৮ গড়ে ৯৫০ রান করেছেন জাতীয় দলের এই টপঅর্ডার ব্যাটসম্যান। ৩টি করে ওয়ানডে শতক এবং অর্ধশতক রয়েছে তার ঝুলিতে।

তবে টেস্টে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। ৪ টেস্টে ৯ দশমিক ১২ গড়ে তার রান ৭৩। আর ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তার রান ৩৫৫।