আড়ানী পৌরসভায় নির্বাচনের আগেই কাউন্সিলর
রাজশাহীর আড়ানী পৌরসভায় এক ব্যক্তি তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের আগেই কাউন্সিলর হয়েছেন।
তিনি ৪ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হক রাজ। এবার তৃতীয়বারের মতো কাউন্সিলর হলেন।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আড়ানী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হামিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৪ নম্বর ওয়ার্ডে মোজাম্মেল হক রাজসহ তিনজন কাউন্সিলর প্রার্থী ছিলেন।
“রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অপর দুই প্রার্থী আমির হোসেন আমু এবং হোসেন কবিরাজ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মোজাম্মেল হক রাজ এখন একমাত্র প্রার্থী।”
এদিকে দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর মোজাম্মেল হকের সমর্থকেরা সন্ধ্যায় আড়ানী বাজারে মিষ্টি বিতরণ করেছেন।
