২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে আদিবাসী ছাত্রসম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের শিক্ষা ও চাকরির অধিকার নিশ্চত করাসহ কোটার পূর্ণ বাস্তবায়নের দাবিতে আদিবাসী ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 06:54 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

রোববার সকালে ডিনস্ ভবনের সামনে আদিবাসী ছাত্র পরিষদ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।

উদ্বোধন শেষে ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ডিনস ভবনের সম্মেলন কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দুটি সেমিনারও ছিল।

সম্মেলনে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতিভূষণ মাহাতো বলেন, বাংলাদেশের সবকিছু মূলধারার সঙ্গে তাল মিলিয়ে চলছে। এ কারণে আদিবাসীরা সবসময় পিছিয়ে আছে।

“সরকার সেই পিছিয়ে থাকার কারণে আমাদের মতো আদিবাসী শিক্ষার্থীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে সেটা কেবলই খাতা কলমে, বাস্তবে তার দেখা নেই।

“আমরা সরকারের প্রতি অনুরোধ করছি, আমাদের জন্য যে কোটা পদ্ধতি চালু করা হয়েছে তার শতভাগ বাস্তবায়ন করুন।”

উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ব্রিটিশ বিরোধী, তেভাগা ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ সব আন্দোলনে আদিবাসীরা অংশগ্রহণ করেছিল।

“স্বাধীনতা যুদ্ধে আমাদের যে অবদান তাদেরও সেখানে সমান অবদান। তাহলে কেন একটি স্বাধীন দেশে অধিকার আদায়ে আন্দোলন করতে হবে।”

একটি জাতি তখনই পরিপূর্ণ হয় যখন সবাই পরিপূর্ণ অধিকার নিয়ে বাঁচার সুযোগ পায়, বলেন তিনি।

তবে আদিবাসী শিক্ষার্থীদের শুধু কোটার উপর নির্ভরশীল না হয়ে মেধার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি করার উপর গুরুত্বারোপ করেন ছাত্র-উপদেষ্টা মো. ছাদেকুল আরেফিন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল পাশা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অ্যধাপক দুলাল চন্দ্র বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি হেমন্ত মহাতো, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় আদিবাসী পবিষদ কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।

উদ্বোধন ও সম্মেলন শেষে ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের ভূমিকা’ এবং ‘আদিবাসী শিক্ষার্থীদের সমস্যা: উত্তোরণের উপায় ও করণীয়’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।