শৈলকুপায় দোকানে বোমা হামলায় আহত ১
ঝিনাইদহের শৈলকুপা শহরে একটি দোকানে বোমা হামলায় একজন আহত হয়েছেন।
শনিবার রাতে শহরে কালা চাঁদ সাহার ভুষি মালের দোকানে এ হামলা হয় বলে শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাটের দিন থাকায় দোকান মালিক ও কর্মচারীরা ঘরের ভিতর বসা ছিলেন। রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।”
বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং এতে স্বপন বিশ্বাস নামে এক কর্মচারী আহত হন।
তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালা চাঁদ সাহার কাছে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী চাঁদা দাবি করে আসছিল জানিয়ে জেলা পুলিশের এএসপি কান্তিলাল বলেন, “চাঁদা না দেওয়ায় ওই সন্ত্রাসীরা হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় রাতে শৈলকুপা থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
