আইনের শাসনের অভাবেই গণপিটুনি: মিজান
আইনের শাসনের অভাবেই গণপিটুনির মতো ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
শনিবার সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, “অপরাধপ্রবণতা মানুষের মধ্যে একদিনে গড়ে ওঠেনি। আমরা আইনের শাসন ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারলে এ ধরনের ঘটনা আর ঘটত না।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে নানা সময় আটক, নির্যাতন ও নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ শোনা যায় উল্লেখ করে মানবাধিকার কমিশন প্রধান বলেন, “দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কারণে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয় যে, মানুষ ভাবে, ‘সনাতনি বিচার ব্যবস্থায় গেলে ন্যায় বিচার পাব না। এই মুহূর্তে যতটুকু আদায় করে নিতে পারব ততটুকুই আমার লাভ। তাই তাৎক্ষণিকভাবে বিচার নিজের হাতে তুলে নিয়ে এধরনের কর্মকাণ্ড করে ।”
এই অপরাধের কারণ সম্পর্কে মিজান বলেন, “তারা একটি কারণেই উৎসাহিত বোধ করছে যে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব সময় বলে যে মৃত্যুটি হয়েছে গণপিটুনির কারণে। তাদের ভাবটা এমন যে গণপিটুনি হয়ে গেলে আর কারও দায়দায়িত্ব থাকে না।”
এটা একটা ‘জঘন্যতম ফৌজদারি অপরাধ’ মন্তব্য করে তিনি বলেন, “এর বিচার হওয়া উচিত, কিন্তু আমরা সেটি হতে দেখিনি। এ কারণেই অনেকে মনে করে গণপিটুনি দিয়ে কেউ কিছু করে বসলে আইন তাদের স্পর্শ করবে না। ফলে এ ধরনের বদঅভ্যাস কিংবা খারাপ দৃষ্টান্তগুলোর পুনরাবৃত্তি ঘটে।
“তাই দরকার আইনের শাসন। যেখানে গণপিটুনির ঘটনা ঘটছে সেখানকার জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”
সাভারের খাগান এলাকায় ব্র্যাক সেন্টার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট মিলনায়তনে আইন ও শালিস কেন্দ্রের জেন্ডার অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইউনিট আয়োজিত তিন দিনের মানবাধিকার সম্মেলনের শনিবার ছিল দ্বিতীয় দিন।
সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালসহ বিভিন্ন পর্যায়ের বিচারকেরা উপস্থিত ছিলেন।
